বিদায় নিচ্ছে অন্তর্বর্তী সরকার: কে কী করবেন এরপর?

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর দেশের ক্রান্তিলগ্নে দায়িত্ব নেওয়া ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের দেড় বছরের শাসনকাল শেষ হচ্ছে। আগামীকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে বিদায় নেবেন বর্তমান উপদেষ্টারা। দায়িত্ব ছাড়ার পর বিভিন্ন পেশা থেকে আসা এই উপদেষ্টারা কে কী করবেন, তা নিয়ে জনমনে ব্যাপক কৌতূহল রয়েছে। সংশ্লিষ্ট ও বিশ্বস্ত সূত্রে বিদায়ী উপদেষ্টাদের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বেশ কিছু তথ্য জানা গেছে।

অবসরে যাচ্ছেন না ড. ইউনূস

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সরকারি দায়িত্ব থেকে বিদায় নিলেও এখনই অবসরে যাচ্ছেন না। জানা গেছে, তিনি পূর্বের মতোই তাঁর সামাজিক ব্যবসা, ক্ষুদ্রঋণ কার্যক্রম এবং ‘থ্রি জিরো’ ভিশন নিয়ে দেশ ও আন্তর্জাতিক অঙ্গনে কাজ চালিয়ে যাবেন। পাশাপাশি দারিদ্র্য বিমোচন ও পরিবেশ সুরক্ষার মতো গুরুত্বপূর্ণ বৈশ্বিক ইস্যুগুলোতেও তিনি সক্রিয় ভূমিকা রাখবেন বলে নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব।

পুরনো পেশায় ফিরছেন উপদেষ্টারা

অন্যান্য উপদেষ্টাদের প্রায় সবাই নিজ নিজ পুরনো পেশা ও কর্মজীবনে ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, নতুন মন্ত্রিসভায় তাঁর থাকার প্রশ্নই আসে না। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাঁর শিক্ষকতা পেশায় ফিরে যাবেন এবং গবেষণা ও লেখালেখিতে মনোনিবেশ করবেন। অন্যদিকে, সৈয়দা রিজওয়ানা হাসান ১৮ ফেব্রুয়ারি থেকেই বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতিতে (বেলা) নিজের পুরনো দায়িত্বে যোগ দেবেন বলে জানা গেছে।

শিক্ষকতায় ফেরার প্রস্তুতি নিচ্ছেন সালেহউদ্দিন আহমেদও; তিনি পুনরায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে যোগ দেবেন। শারমীন এস মুরশিদ ফিরে যাবেন তাঁর সংগঠন ‘ব্রতী’তে; সেখানে তিনি মানবাধিকার ইস্যু এবং জুলাই গণ-অভ্যুত্থানে যুক্ত নারীদের নিয়ে কাজ করবেন। আলী ইমাম মজুমদার সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, গণমাধ্যমে সম্পৃক্ত থাকার পাশাপাশি নিয়মিত কলাম লেখায় যুক্ত থাকবেন।

এছাড়া, তৌহিদ হোসেন আনুষ্ঠানিক বিদায়ের পর কিছুদিন বিশ্রাম নেওয়ার পর লেখালেখিতে ফেরার আগ্রহ প্রকাশ করেছেন এবং মুহাম্মদ ফাওজুল কবির খান আগামী রমজানের পর থেকে বই পড়া ও লেখালেখিতে সময় দেবেন।

শেষ কর্মদিবস ও বিদায়বেলা

বিদায়ের ক্ষণ ঘনিয়ে আসায় শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন করেছেন উপদেষ্টারা। গত রোববার (১৫ ফেব্রুয়ারি) বর্তমান উপদেষ্টা পরিষদের শেষ বৈঠক অনুষ্ঠিত হয়। আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে নিজ নিজ দপ্তরে শেষ কর্মব্যস্ত সময় কাটিয়েছেন অনেক উপদেষ্টা। তাঁরা আনুষ্ঠানিকভাবে দপ্তর থেকে বিদায় নেওয়ার পাশাপাশি কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।

জানা গেছে, আগামীকাল মঙ্গলবার শপথ অনুষ্ঠানে অংশ নিতে উপদেষ্টারা জাতীয় পতাকাবাহী সরকারি গাড়িতে করেই যাবেন। তবে অনুষ্ঠান শেষে ফেরার সময় প্রটোকল অনুযায়ী তাঁদের গাড়িতে আর জাতীয় পতাকা থাকবে না। এর মধ্য দিয়েই অবসান ঘটবে দেশের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ একটি অন্তর্বর্তী সরকারের মেয়াদকালের।